শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দেয়নি দীর্ঘদিনের ক্ষমতাসীনেরা: সংস্কৃতিমন্ত্রী

দীর্ঘদিন যারা ক্ষমতায় ছিলেন, তারা শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনকে গুরুত্ব দেননি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘মীর মশাররফ হোসেনের প্রবন্ধ মানবতার বার্তা দেয়। এসব রচনার মাধ্যমে মানুষের মধ্যে মূল্যবোধ ও মানবিকতা তৈরি হয়। এ কারণে এ ধরনের অনুষ্ঠান ঢাকায় না করে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ এলাকায় আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বহুমাত্রিক গুণের অধিকারী এসব মানুষের স্মৃতি ধরে রাখতে কাজ করছে সরকার।’

পরে বাংলা একাডেমির আয়োজনে একটি সেমিনারে যোগ দেন সংস্কৃতিমন্ত্রী।

এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদসহ জেলা প্রশাসন ও বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।