গোপালগঞ্জে একের পর এক ১০ গাড়ির সংঘর্ষ, নিহত এক ও আহত বহু

গোপালগঞ্জে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে এক বিএনপি নেতা নিহত ও অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তিসহ বহু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলোর মধ্যে গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। এতে তার গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি অক্ষত আছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলার মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম  ইলিয়াস ফকির। তিনি ওই উপজেলার রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেট কার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে আসা একের পর এক যানবাহন দুর্ঘটনাকবলিত গাড়িগুলোকে ধাক্কা দেয়। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেট কার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এছাড়া গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় আসার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় তার গাড়িবহরের দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য অক্ষত ও সুস্থ আছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।