নরসিংদীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৪ নভেম্বর) সকাল ছয়টা থেকে সাড়ে ছয়টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে হঠাৎ আগুন ধরতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা এগিয়ে গিয়ে খুঁটির নিচে এক যুবকের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের ধারণা, নিহত যুবক ভোরের দিকে বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় লাইনে বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন এবং লাইনে আগুন ধরে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।