নরসিংদীর শিবপুরে গেয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল ও নকল বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) দুপুরে শিবপুর উপজেলার কামরাবো বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।
আটকরা হলেন—ফরিদপুরের কোতোয়ালি থানার বাটি কানাইপুর এলাকার নেপাল দত্ত (৬৯) এবং নরসিংদীর শিবপুরের কামরাবো এলাকার মো. রকিব (২৫)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শিবপুরের কামরাবো এলাকার একাধিক বিড়ি কারখানায় নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিলো। নেপাল দত্ত নামক এক ব্যক্তির মাধ্যমে এই নকল ব্যান্ডরোল সরবরাহের চক্রটি পরিচালিত হয়ে আসছিলো বলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) সূত্রে প্রাথমিক তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনএসআইয়ের সরাসরি অংশগ্রহণে এবং নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)-এর একটি দলের সহযোগিতায় কামরাবো বাজারে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ৮৬৬ বান্ডিলে মোট ২১ লাখ ৬৫ হাজার পিস নকল ব্যান্ডরোল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ৯০ হাজার পিস নকল বিড়ি জব্দ করা হয়, যার মূল্য ১৮ হাজার ৩০০ টাকা। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল ও বিড়ি উদ্ধার করা হয়।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান জানান, জব্দ করা নকল ব্যান্ডরোল ও বিড়িসহ আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
