আগামী ১৯ নভেম্বরের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো দুর্গে পরিণত করা হচ্ছে গোপালগঞ্জকে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবার মাঠে নামানো হলো আট প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য।
সোমবার সকাল থেকেই ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পর বিকেলে নতুন করে এই আনসার ব্যাটালিয়ন মোতায়েন করার মাধ্যমে গোপালগঞ্জ জুড়ে গড়ে তোলা হলো নজিরবিহীন কঠোর নিরাপত্তা বলয়।
সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনায় এই সদস্যদের মোতায়েন করা হয়। বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোতায়েন করা আনসার ব্যাটালিয়ন সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা, প্রধান সড়ক-মহাসড়ক এবং অতি স্পর্শকাতর পয়েন্টগুলোতে সশস্ত্র অবস্থায় দায়িত্ব পালন করবেন।
মূলত গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও ভাঙচুর কঠোর হস্তে প্রতিরোধ করা এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতেই এই সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মুহূর্তের মধ্যে মোকাবিলায় সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
গোপালগঞ্জের পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতেও নিরাপত্তা জোরদারে সক্রিয় রয়েছে এই বাহিনী। এর আগে গাজীপুর ও নারায়ণগঞ্জে চলমান শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতা নিয়ন্ত্রণ ও শিল্পকারখানার সুরক্ষায় আনসার ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছিল। বর্তমানে গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও স্পর্শকাতর পয়েন্টগুলোর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা প্রকাশ করেছে, গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং যেকোনো বিশৃঙ্খলা রুখতে এই বিশেষ মোতায়েন অত্যন্ত কার্যকর ও জোরালো ভূমিকা রাখবে। বিজিবি ও আনসারের এই যৌথ সতর্ক অবস্থানে পুরো জেলায় এখন বিরাজ করছে টানটান উত্তেজনা ও কড়া নজরদারি।