গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এই পৃথক সহিংসতার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে লাঠিসোঁটা হাতে নিয়ে হঠাৎ করেই বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে নিলফা বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং পরবর্তীতে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঠিক একই সময়ে উপজেলার বর্ণি বাজারেও আরেকটি মিছিল থেকে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।
পরপর ঘটে যাওয়া এসব সহিংস ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে বাজারের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে নিরাপদ আশ্রয়ে চলে যান, ফলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনার বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও আগুনের খবর তিনি পেয়েছেন, পুরো বিষয়টি নিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তার জানা নেই।
