সাভারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধের কারণে টানা দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল পুনরায় শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ।
তিনি জানান, ন্যূনতম বেতন বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ তিন দফা দাবিতে মঙ্গলবার বেলা ১০টা ৫০ মিনিটে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অবরোধ শুরু করেন পোশাকশ্রমিকেরা। এ সময় আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে সড়কে অবস্থান নিলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রায় দেড় ঘণ্টা সড়কে অবস্থানের পর বেলা সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে যান। ওসি আলী আহমেদ আরও জানান, দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় অবরোধ প্রত্যাহারের পরও প্রায় এক ঘণ্টা মহাসড়কে গাড়ির বেশ ধীরগতি ছিল। তবে পরবর্তীতে পুলিশের তৎপরতায় যানজট কেটে যায় এবং বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।