টুঙ্গিপাড়ায় থানার পর এমপি জিলানীর বাড়িতে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যার পর রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় অবস্থিত সংসদ সদস্যের নিজ বাসভবনে এই ধ্বংসাত্মক ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র জানায়, এস এম জিলানীর বাড়িটি টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত। মঙ্গলবার সন্ধ্যার পর নিষিদ্ধ ছাত্রলীগের আটক নেতাকর্মীদের ছিনিয়ে নিতে প্রথমে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপরই মিছিল নিয়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে একদল নেতাকর্মী সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন এবং বাড়িতে আগুন ধরিয়ে দেন।

Tungipara MP Home Fire 1
এমপির বাড়িতে আগুন দেয়ার একাধিক লোমহর্ষক ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, জিলানীর বাসভবনের বিভিন্ন অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং বাড়ির ভেতরে লাঠিসোঁটা হাতে একদল যুবক নির্বিচারে ভাঙচুর চালাচ্ছেন। এ সময় হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন এবং একজনকে বলতে শোনা যায়, ‘জিলানীর বাড়ি শেষ’। হামলা শেষে নেতাকর্মীদের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনার পর সংসদ সদস্য এস এম জিলানীর সঙ্গে কথা বলার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে রাত ১০টার পর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে।

Tungipara MP Home Fire 2
এদিকে টুঙ্গিপাড়া থানা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুনের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা শহর থেকে বিপুল সংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথে সদর উপজেলার খালেকবাজার নামক স্থানে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ব্যারিকেড দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বহরের গতিরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সেখানেও সহিংসতা ছড়িয়ে পড়ে এবং পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। গভীর রাত পর্যন্ত এই ধারাবাহিক নাশকতা ও সহিংসতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।