গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সংসদ সদস্য কে এম বাবরের ক্লিনিকের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালান। পরে ক্লিনিকের আসবাবপত্র রাস্তায় বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে একই দিন জেলার কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদুল হকের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এসব ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বা এ ঘটনায় কাউকে আটক করার খবর পাওয়া যায়নি।
অপরদিকে, একই দিন রাতে গোপালগঞ্জের কোটালীপাড়ার কান্দি ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে।