নরসিংদীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) সকালে জেলার শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মিনারা বেগম (৬০)। তিনি জেলার মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সৌরভ (২৭), জান্নাতুল (৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টবাহী একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথে বিপরীত দিক অর্থাৎ মনোহরদী থেকে ইটাখোলাগামী যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা শিশুসহ ছয় যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই মিনারা বেগমের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শিশুসহ পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।