পঞ্চগড়ে যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় থ্রি-হুইলারটির আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর আগে একই দিন বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তার আগের দিন ওই সড়ক মোটরসাইকেল দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যু হয়। এ নিয়ে ২৪ ঘণ্টায় সড়কটিতে দুর্ঘটনায় পাঁচ মৃত্যু হলো।
নিহত ব্যক্তিরা হলেন— বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া এলাকার আজগর আলীর স্ত্রী মাহমুদা আক্তার (৩৫) ও তার মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি (৭)।
স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে একটি থ্রি-হুইলার সাকোয়া বাজার থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিলো। পথে কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং আট যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে মাথা, নাক ও মুখে গুরুতর আঘাত পাওয়া পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে মা মাহমুদা আক্তার ও মেয়ে সুমাইয়াকে সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তাদের মৃত্যু হয়।

এদিকে আহত অন্য যাত্রীদের মধ্যে দুইজনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আহত অপর ব্যক্তিরা হলেন— সবুজপাড়া এলাকার আয়শা (২), বীরপাড়ার রহিদুল ইসলাম (৪৮), নগর সাকোয়ার নাসরিন আক্তার (৪৬) ও তার মেয়ে স্বীকৃতি (৭), মারেয়া বামনহাটের প্রমিলা (৩০) এবং প্রামাণিকপাড়ার আক্তারুজ্জামান (৩৩)।
বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, রংপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই উপজেলার সাকোয়া ও চন্দনবাড়ি ইউনিয়নে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দশম শ্রেণির তিন মাদরাসা শিক্ষার্থী নিহত হন। ২৪ ঘণ্টার ব্যবধানে বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ মোট পাঁচজনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
