শ্রমিক বিক্ষোভে আবারও উত্তাল গাজীপুর, ৭০ কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধি ও এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরে আবারও তীব্র শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে জেলার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার পর গাজীপুরের বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। তবে দুপুরে এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর ভোগড়া বাইপাস, সালনা, বড়বাড়ি ও কোনাবাড়ি এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। অবরোধ সরাতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার জেরে মঙ্গলবার ৭০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া আগের অসন্তোষের কারণে জেলার ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এদিকে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ ও চলমান সঙ্কট নিরসনে একই দিন বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু হয়েছে।