পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষ, নিহত এক, গুলিবিদ্ধ দুই

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। সংঘর্ষ চলাকালে অন্তত ১২ থেকে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

রোববার (২৯ নভেম্বর) ভোর ছয়টার পর জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের কারণে পদ্মা সেতু দিয়ে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা পদ্মা সেতু অবরোধ করলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে একজন নিহত ও দুইজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা দাবি করেন, পদ্মা সেতু এলাকায় নাশকতার আশঙ্কায় বিএনপির নেতা-কর্মীরা গত শুক্রবার থেকেই সেখানে অবস্থান করছিলেন। তার অভিযোগ, রোববার ভোরে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে তাদের ওপর হামলা চালান।

ঘটনার পর থেকে নাওডোবা ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি ও আতঙ্ক বিরাজ করছে। সংঘর্ষের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং হতাহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে।