পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা একটি মামলায় মৃত এক ব্যক্তিকে আসামি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর মামলার এজাহারে নাম এসেছে বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা সামচু ঢালীর। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত গত ৯ নভেম্বর রাতে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি কয়েকটি যানবাহনে হামলা, ভাঙচুর এবং একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে এবং সেতুর দুই প্রান্তে বিপুলসংখ্যক যানবাহন আটকা পড়ে।
এই ঘটনায় গত ১২ নভেম্বর সকালে পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটিতে ২৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। আর এই এজাহারেই ২১৯ নম্বর আসামি হিসেবে রাখা হয়েছে সামচু ঢালীর নাম।
অথচ খোঁজ নিয়ে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ঢালীকান্দি এলাকার বাসিন্দা এবং কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামচু ঢালী চলতি বছরের গত ২৯ মার্চ মারা গেছেন। অর্থাৎ মামলার ঘটনার প্রায় সাড়ে সাত মাস আগেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত বাবার নাম মামলার এজাহারে দেখে বিস্ময় প্রকাশ করে তার ছেলে নাজমুল ঢালী বলেন, আমার বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ অত্যন্ত বিস্ময়কর ব্যাপার হলো, মৃত্যুর পরও তাকে একটি মামলার আসামি করা হয়েছে। এ ঘটনায় কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না। যারা প্রকৃত অপরাধী, তাদের আইনের আওতায় আনা হোক, এ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই আমাদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
এদিকে মামলার বাদী ও পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম জানান, তিনি কেবল কাগজে-কলমে মামলার বাদী হলেও আসামিদের নামগুলো তাকে সরবরাহ করা হয়েছে। তিনি ব্যক্তিগতভাবে ওই আসামিকে চেনেন না বলেও স্বীকার করেন।
এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান, এত বিপুলসংখ্যক আসামির নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে দু-একটি নাম ভুলবশত চলে আসতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না মেলে বা ভুলক্রমে নাম আসার প্রমাণ পাওয়া যায়, তবে তা বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
নরসিংদীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪০০ কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ
দলে ফিরেই বেপরোয়া: মেঘনা গ্রুপের কর্মকর্তাদের হুমকি বিএনপি নেতার