সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের ওই বাসটি দাঁড়িয়ে ছিলো। ভোরের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে।