যশোরে সাড়ে চার কেজি স্বর্ণসহ দুইজন আটক

ভারতে পাচারের সময় সাড়ে চার কেজি স্বর্ণসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছার কায়েমকোলা বাজারে অভিযান চালিয়ে চার কেজি ৬০০ গ্রাম স্বর্ণসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রামের মাসুম বিল্লাহ (৩২) এবং যশোর সদরের ভেকুটিয়া গ্রামের শাহীন আলম (৩৩)।

যশোর নাভারন সার্কেলের এএসপি নিশাত আল নাহিয়ান জানান, কায়েমকোলা বাজারে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের পথরোধ করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। মাসুম বিল্লাহর কোমরের বেল্টের মধ্যে বিশেষ কায়দায় এসব স্বর্ণের বার লুকানো ছিল।

তিনি আরও বলেন, ১০টি বারের মধ্যে চারটির ওজন এক কেজি করে। বাকি ৬টির প্রত্যেকটি ১০ গ্রামের। উদ্ধার হওয়া স্বর্ণসহ আটক দুইজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।