চুয়াডাঙ্গায় ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে শহরের ফিরোজ রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রশিদ (৩৫) শহরের পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজুরুক গড়গড়ি মাদ্রাসা পাড়ার মোজাব্বেল ওরফে হাদা গোপালের ছেলে। তিনি পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। এ ঘটনায় সদর থানা পুলিশ ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করেছে।
নিহতের পরিবার জানায়, নিজ বাড়ি থেকে কেদারগঞ্জ শরিদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রতিষ্ঠানে যাওয়ার সময় বাড়ির অদূরেই দ্রুতগামী ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে পড়ে যান রশিদ। এসময় ট্রাক্টরের পিছনের চাকা তার মাথার উপর উঠে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তারপরও এলাকাবাসী তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টর ও চালককে আটক করা হয়েছে। নিহত রশিদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে, মৃত রশীদের চাচা মজনু জানান, এ ঘটনায় তারা কোনো অভিযোগ করবেন না এবং মরদেহের ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তরের আবেদন করবেন।