মেহেরপুরের গাংনীতে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়ি থেকে প্রায় কোটি টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলার হিন্দা গ্রামে তাঁর নিজ বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে মূল্যবান এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি উদ্ধার করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ৪৭ বিজিবির তেঁতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটির ওজন ৯৪ কেজি ২৫০ গ্রাম। প্রতি কেজি কষ্টিপাথরের প্রচলিত বাজারমূল্য এক লাখ টাকা হিসেবে মূর্তিটির আনুমানিক মূল্য ধরা হয়েছে ৯৪ লাখ ২৫ হাজার টাকা।
অভিযানের বিষয়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়েজুর রহমান ফয়েজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হিন্দা গ্রামে জেলা কৃষকদলের সদস্য সচিব মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশিকালে বাড়ি থেকে কষ্টিপাথরের শিবলিঙ্গটি উদ্ধার করা সম্ভব হলেও এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।
উদ্ধার হওয়া কষ্টিপাথরের শিবলিঙ্গটি যথাযথ সংরক্ষণ ও পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।