মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেয়ার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টা ৫ মিনিটের দিকে মেহেরপুর সরকারি কলেজ মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে এই নাশকতার ঘটনা ঘটে।
তবে আগুন চারপাশে ছড়িয়ে পড়ার আগেই সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাহসিকতা ও তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঘটনার রাতে কয়েকজন দুর্বৃত্ত মেহেরপুর সরকারি কলেজের সীমানাপ্রাচীরের ভেতর থেকে পেট্রোলভর্তি বোতলে আগুন ধরিয়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের দিকে নিক্ষেপ করে।
বোতলটি স্মৃতিস্তম্ভের ঠিক কাছাকাছি গিয়ে আঘাত হানে। ওই সময় ঘটনাস্থলে সাদা পোশাকে দায়িত্ব পালনরত জেলা স্পেশাল ব্রাঞ্চের (ডিএসবি) দুই সদস্য চরম সাহসিকতার পরিচয় দিয়ে দ্রুত এগিয়ে যান এবং অভিযুক্তদের ধাওয়া করে দুজনকে আটক করতে সক্ষম হন।
গ্রেফতার দুই যুবকের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- মেহেরপুর শহরের গোরস্থানপাড়ার ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) এবং শিশুবাগানপাড়ার আলী কদর ওরফে শাওন (১৯)।
ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে আটক দুজনকে থানায় নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই নাশকতার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং বাকিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে জোরালো অভিযান চলছে। এদিকে, ঘটনার পরপরই পুলিশের এমন তৎপরতা ও সাহসিকতার কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা পাচ্ছে।
