ঘনিয়ে এসেছে বাঙালি হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজা। বাগেরহাটে মণ্ডপ প্রাঙ্গণে দিনরাত চলছে দেব-দেবীর প্রতিমা তৈরির কাজ।
তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও বাড়েনি কারিগরদের মজুরি। তাই পূর্বপুরুষের পেশা ছেড়ে বিকল্প পেশা খুঁজছেন অনেকে।
পূজার আয়োজকরা জানালেন, দর্শনার্থীদের নজর কাড়তে নানা সজ্জায় সাজানো হচ্ছে শতবছরের প্রাচীন হরিসভা মন্দিরসহ বিভিন্ন পূজা মণ্ডপ।
অবশ্য জাতীয় নির্বাচনের আগে এবারের পূজা নিয়ে কিছুটা উদ্বেগ কাজ করছে বলেও জানালেন পূজা উদযাপন পরিষদের এক নেতা।
বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিলয় কুমার ভদ্র বলেন, আমাদের যারা দর্শনার্থী ভক্তবৃন্দ আসবেন তাদের কাছে বিনীত অনুরোধ রইলো আমাদের পক্ষ থেকে আপনারা কোনো ভারী ব্যাগ বা বস্তু বহন করবেন না।
তবে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, এখানে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। একটা হচ্ছে এখানে ফিক্সড থাকবে একটা পার্টি, আরেকটা হচ্ছে হল পার্টি।
বাগেরহাটের জেলা প্রশাসক খালিদ হোসেন বলেন, অত্যন্ত নিরাপত্তার সাথে সকল বিষয় মাথায় রেখে আমাদের যে নিরাপত্তা কার্যক্রম সেটি আমরা গ্রহণ করবো।
এ বছর বাগেরহাটের নয়টি উপজেলায় ৬৫২ টি মণ্ডপে দুর্গাপূজা উৎসবের আয়োজন চলছে।