বিএনপি ছেড়ে নৌকায় শাহজাহান ওমরের শতাধিক অনুসারী

দ্বাদশ সংসদ নির্বাচনে কাঁঠালিয়ায় ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, বিএনপি ছেড়ে আসা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের শতাধিক অনুসারী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তারা পদত্যাগ করেছেন।

মঙ্গলবার দুপুরে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। 

পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া ও মো. মোস্তাফিজুর রহমান মারুফ, যুবদলের সহসভাপতি তরিকুল ইসলাম বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিব ভূট্টো ও সদস্যসচিব জাকির হোসেন। 

তাদের নেতৃত্বে উপজেলা ছয়টি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন। 

এর আগে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি ছাড়ার ঘোষণা দেন শাহজাহান ওমর। 

এসময় তিনি বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো। বিএনপিতে নির্বাচনে না গিয়ে লাভবান হওয়ার লোক আছে। যাদের সলিড জনসমর্থন আছে তারা নির্বাচনে না গিয়ে পারেন না।

মুক্তিযুদ্ধের সময়ে শাহজাহান ওমর ছিলেন ৯ নম্বর সেক্টরের টাকি সাব সেক্টরের কমান্ডার। অসামান্য ত্যাগ ও বীরত্বের স্বীকৃতি হিসেবে তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়।