গরু বাঁধাকে কেন্দ্র করে বিতণ্ডা, লাঠির আঘাতে বৃদ্ধ নিহত

বাগেরহাটের মোড়েলগঞ্জে মাঠে গরু বাঁধাকে কেন্দ্র করে বিতণ্ডার জেরে লাঠির আঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে জেলার মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের মাঠে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ শফী চাপরাশি (৭৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পশ্চিম গুলিশাখালী গ্রামের তাসেন চাপরাশির ছেলে।

আটক মোশারেফ তালুকদার (৫৪) একই গ্রামের শেরজান তালুকদারের ছেলে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আখতার জানান, গরু বাঁধাকে কেন্দ্রে করে শফী চাপরাশির সাথে মোশারেফ তালুকদারের বিতণ্ডার এক পর্যায়ে মোশারেফ লাঠি দিয়ে শফীর মাথায় ও ঘাড়ে আঘাত করেন। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শফী চাপরাশির মৃত্যু হয়।

পরিদর্শক সৈয়দ বাবুল আখতার জানান, এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মোশারেফ তালুকদারকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।