সুন্দরবনে ফ্লাইঅ্যাশ বোঝাই লাইটারেজ জাহাজডুবি

বাগেরহাট জেলার সুন্দরবনের শিবসা নদীতে এক হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ বোঝাই একটি লাইটারেজ জাহাজ  ডুবে গেছে। শুক্রবার  দুপুরে এমভি গায়েহেরা-৪ নামের ওই জাহাজটি তলা ফেটে নদীতে ডুবে যায়। 

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জাহাজে থাকা ১২ নাবিককে জীবিত  উদ্ধার করেছে নলিয়ান নৌ থানা পুলিশ।

নলিয়ান নৌ-থানার পরিদর্শক তারক চন্দ্র নাথ জানান, এমভি গায়েহেরা-৪ লাইটারেজ জাহাজটি শিবসা নদীর নলিয়ান এলাকায় ডুবোচরে আটকা পড়ে। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল সেখানে গিয়ে জাহাজটির নাবিকদের উদ্ধার করে। শিবসা নদীতে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

ডুবে যাওয়া লাইটারেজটি  ভারতের ভজভজ এলাকা থেকে এক হাজার ৪২২ টন ফ্লাইঅ্যাশ (সিমেন্টর কাঁচামাল) বোঝাই করে বাংলাদেশের ঘোড়াশাল এলাকায় অবস্থিত একটি সিমেন্ট কারখানায় যাচ্ছিল।