ফকিরহাটে আট কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাটে আট কেজি গাঁজসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার ভোরে ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মোজাহিদ গাজী (২৯) খুলনার দাকোপ থানার সুতারখালী গ্রামের শহীদ গাজীর ছেলে ও মো. তুহিন শেখ (৩৫) বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারেন ফকিরহাট থানার টাউন নওয়াপাড়ার মোড় এলাকায় মাদকের একটি বড় চালান হাত বদল হবে। এর ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ভোররাত থেকে সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। এসময় মোজাহিদ ও তুহিন গাঁজা হাত বদলের চেষ্টা করলে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এসব তথ্য নিশ্চিত করে জানান, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন বাজারে গাঁজা বিক্রি করে আসছিল বলে গোয়েন্দা তথ্য ছিল তাদের কাছে।

এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।