চুয়াডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী, স্বামী-সন্তান হাসপাতালে

চুয়াডাঙ্গায় নিজের ভ্যানে করে স্ত্রী ও সন্তানকে বাড়ি আনার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালক ও তার সন্তান। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম আনজিরা খাতুন (৪৫)।  তিনি কুষ্টিয়া জেলার মীরপুর থানার আমবাড়িয়া গ্রামের হামিদুলের স্ত্রী। আহতরা হলেন আনজিরার স্বামী ভ্যানচালক হামিদুল ও তার ছেলে সুমন (১৫)।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আব্দুল গনি জানান, হামিদুল নিজ ভ্যানে করে তার স্ত্রী ও সন্তানকে আলমডাঙ্গায় আসছিলেন। ওই এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনজিরার মৃ্ত্যু হয়। হামিদুল ও তার ছেলেকে উদ্ধার করে  আলমডাঙ্গার হার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালককে ট্রাকসহ আটক করা হয় হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।