মাগুরায় রাস্তার পাশে মাটির স্তূপে ধাক্কা লেগে উল্টে যাওয়া একটি অটোরিকশায় পেছন থেকে আসা একটি বাস চাপা দিলে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলার শালিখা উপজেলার শতখালী হাজামবাড়ি মোড়ে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নিতাই দে'র স্ত্রী নিরুপমা দে (৪৫) ও একই গ্রামের নারায়ণ চন্দ্র দে'র স্ত্রী পুস্প রানী দে (৪০)। এছাড়া মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান নারিকেলবাড়িয়া বাজারের ব্যবসায়ী মধু শিকদার (৫০)।
শালিখা থানার অফিসার ইনচার্জ মিলন কুমার ঘোষ জানান, হতাহতরা মাগুরা জেলার শ্রীপুর উপজেলার খামারপাড়ার কীর্তন থেকে অটোরিকশায় করে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় ফিরছিলেন। রাতে তাদের বহন করা অটোরিকশা ওই এলাকায় পৌঁছালে সেখানে সড়কের ওপর থাকা মাটির স্তুপের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এ সময় ঘটনা স্থলেই নিরুপমা এবং পুষ্পা নিহত হন। আহত হন পাঁচ জন। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মধু শিকদার মারা যায়।
আহতদের মাগুরা সদর ও শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।