মাগুরায় পূর্ব শত্রুতার জেরে কৃষক খুন

মাগুরায় পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার  সদর উপজেলার বড়খড়ি গ্রামে নিহত কৃষকের বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরেই ওই কৃষককে খুন করে মরদেহ ফেলে দেয়া হয়েছিলো।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে। পরে এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী দুই ভাইকে আটক করা হয়।

ফারুক বিশ্বাস ও হারুন বিশ্বাস নামে ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সাথে নিহতের পূর্ব শত্রুতা ছিলো। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।