এবার জেল কর্মকর্তাদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

এবার জেল কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপির এক নেতা। তার অভিযোগ কারাগারে থাকার সময় তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি এবং বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে ওই কর্মকর্তারা কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। 

বৃহস্পতিবার খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী বাদী হয়ে এ মামলা করেন। 

মামলায় আসামি করা হয়েছে, খুলনার জেলা কারাগারের সদ্য সাবেক জেলার এ জি মাহমুদ, সাবেক জেল সুপার রফিকুল ইসলাম কাদের এবং ফার্মাসিস্ট আতাউর রহমান পারভেজকে।

খুলনার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আনিসুর রহমান অভিযোগ আমলে নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিবি ডিসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।

বিএনপি নেতা বাপ্পী মামলায় অবিযোগ করেছেন, গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসার মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়। 

'কিন্তু কারাবন্দি অবস্থায় গত তিন মে বিকেলে খুলনা জেলা কারাগারে হৃদরোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি,' অভিযোগে উল্লেখ করেছেন ওই বিএনপি নেতা। 

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, আসামিরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যও করেন। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন তিনি। অবশ্য গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগেই বাপ্পী ছাড়া পান।