বাগেরহাটে যাত্রীবাহী ইজিবাইকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ঘটনাস্থলে তিন জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে আটটার দিকে জেলার ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী সরকারি প্রাথমিকের শিক্ষক নিপা বেগম (২৮), রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো. মাসুম (৩৩), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০)। তবে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়ার পথে মৃত ব্যক্তির নাম জানা যায় নাই।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো. আশরাফুল ইসলাম জানান, সকালে কাটাখালী থেকে যাত্রীবাহী ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে একই দিক থেকে আসা পিকআপ ভ্যান ইজিবাইকটির পেছনে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা তিন জন ঘটনাস্থলে নিহত হন। আহত দুই জনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুমেক হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে। ঘটনার পর পিকআপ ভ্যানটি পালিয়ে গেছে।