নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ খুন হয়েছেন।
সোমবার রাতে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামে এ হত্যার ঘটনাটি ঘটে। নিহতের ব্যক্তির নাম সুলতান মোল্যা।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুর গ্রামের জামাল মেম্বার গ্রুপও শরিফুল গ্রুপের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিলো। এর জেরে গত কয়েক বছরে অসংখ্যবার সংঘাতের ঘটনা ঘটেছে।
সবশেষ সোমবার রাতের সংঘর্ষে শরিফুল গ্রুপের সুলতান বর্ষা বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান চলছে।