দেড় মাস কারাভোগের পর ফিরলেন ৬৪ ভারতীয় জেলে

জলসীমা লঙ্ঘনে আটক ৬৪ ভারতীয় জেলে এক মাস ১৬ দিন কারাভোগের পর নিজ দেশের উদ্দেশে রওনা হয়েছেন। গত বছর তাদের আটক করেছিল নৌ বাহিনী ও কোস্টগার্ড।

বৃহস্পতিবার (দুই জানুয়ারি) বিকেলে ওই জেলেরা সঙ্গে থাকা মালামাল বুঝে নিয়ে পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনার কাকদ্বীপের উদ্দেশে রওনা হয়েছেন।  

মোংলা থানা পুলিশ জানায়, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করায় গত বছরের ১৭ অক্টোবর চারটি ট্রলারসহ ৬৪ ভারতীয় জেলেকে আটক করেছিলেন নৌবাহিনী ও কোস্ট গার্ড। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে ওই ভারতীয় জেলেদের আটকের পর পুলিশে দেওয়া হয়। এরপর মোংলা থানায় মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছিলো। 

পুলিশ জানায়, জেল থেকে ছাড়া পাওয়ার পর বাগেরহাট থেকে পুলিশ তাদের মোংলায় নিয়ে আসে। এরপর মোংলার ফেরিঘাটে থাকা ভারতীয় জেলেদের ট্রলারসহ অন্য মালামাল বুঝিয়ে দেওয়া হয়। বিকেলে জেলেরা রওনা হন। তারা কাকদ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা।

জেলেদের নিতে আসা স্বজন অভিজিৎ বিশ্বাস ও সুকুমার গাইন বলেন, দিক ভুলে বাংলাদেশের জলসীমায় চলে এলে তাদের আটক করা হয়েছিল। পরে ভারত-বাংলাদেশের সমঝোতায় মামলা প্রত্যাহার করে নেওয়ায় তারা ছাড়া পেয়েছেন। তাদের এখন আমরা কাকদ্বীপে নিয়ে যাবো। 

সমঝোতার মাধ্যমে জেলেদের ছেড়ে দেওয়ার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদও জানান অভিজিৎ ও সুকুমার।  

মোংলা থানার এসআই হাদিউজ্জামান হাদী বলেন, ভারতীয় জেলেদের আটকের ঘটনায় আলাদা তিনটি মামলা হয়েছিলো। বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাওয়ার পর তাদের মালামাল বুঝিয়ে দিয়েছি। এই কার্যক্রমের সঙ্গে কোস্টগার্ড ছিল। তারা ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন।