কথা ছিলো সামনের মাসে ইতালি যাবেন। সে কারণে ঢাকায় একটি রপ্তানিমুখী গার্মেন্টসে কাজও শিখেছিলেন খুলনার দৌলতপুরের ২৮ বছর বয়সী তানভীর হাসান শুভ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি না ফেরার দেশে!
নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম পাড়া বাজার সংলগ্ন নিজ বাড়ির জানালা দিয়ে দুর্বৃত্তরা মঙ্গলবার দিনগত রাতে গুলি করে।
বুধবার (১ অক্টোবর) সকাল সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
শুভ একই এলাকার আবুল বাশারের ছেলে।
দৌলতপুর থানার ওসি মো. রফিক ইসলাম জানান, প্রথম তলা বাড়ির থাই গ্লাস খুলে গুলি করে শুভকে হত্যা করা হয়। বর্তমানে সে কিছুই করতো না। ইতালি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয় সূত্রে পুলিশ জানায়, তানভীর হাসান শুভ নিজ বাসায় দরজা-জানালা বন্ধ করে রুমের মধ্যে তার মা ও ছোট ভাইসহ ঘুমিয়ে ছিলেন। থাই গ্লাসের জানালা খুলে জানালা দিয়ে শুভকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার মাথায় দুইটি ও বাম হাতে একটি গুলি লাগে। দ্রুত তার স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইতালি যাওয়ার জন্য ঢাকার একটি রপ্তানিমুখী গার্মেন্টসে কাটিং মাস্টারের কাজ শিখছিলেন শুভ। ময়নাতদন্তের জন্য তার দেহ খুলনা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ প্রাথমিকভাবে কিছুই জানতে পারেনি।