চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারানো একটি মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে আরোহী দুই তরুণ নিহত হয়েছেন।
সোমবার (২৪ মে) দুপুর দুইটার দিকে জেলার দামুড়হুদা উপজেলার কাদিপুর গ্রামে কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার লোকনাথপুর পশ্চিমপাড়ার এনামুলের ছেলে সেলিম (১৮) এবং তারিফের ছেলে তানজিল (১৬)।
স্থানীয়রা জানান, বাইক চালাচ্ছিলেন তানজিল, সেলিম পেছনে বসেছিলো। অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সামনে রাস্তার পাশে থাকা গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সেলিম মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তানজিলকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।