দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) জেলায় তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে।
এ অবস্থায় উত্তরের শীতল বাতাসের সঙ্গে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ভোর থেকেই কুয়াশার ঘনত্ব ছিলো প্রায় ১০০ মিটার, ফলে সড়ক ও মহাসড়কে যান চলাচলে দেখা দিয়েছে ধীরগতি।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া দিনমজুর মানুষ। কাজের সন্ধানে বের হলেও অনেকেই শীতের কারণে কাজে যোগ দিতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন আয় ব্যাহত হচ্ছে।
শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কাটলেও শীতের তীব্রতা এখনো পুরোপুরি কমেনি।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।