নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম জেসমিন খানম (৩২)। তিনি করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত স্বামী জসিম শেখ একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, পারিবারিক নানা বিষয় ও পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছিলো। দুপুরে এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে জসিম শেখ উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকেন এবং হাতুড়ি দিয়ে আঘাত করেন।

এতে জেসমিন গুরুতর আহত হলে স্বজনেরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, স্ত্রীকে হত্যার পর অভিযুক্ত জসিম শেখ নিজেই থানায় এসে ধরা দিয়েছেন। মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।