বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাতটার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- জান্নাতি আক্তার (১১) ও লামিয়া আক্তার (৮)। তাদের মধ্যে জান্নাতি মুস্তাইন শেখের মেয়ে এবং লামিয়া মোস্তাক শেখের মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।
পরিবার ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি মাছের ঘেরে দাদী নাছিমা বেগমের সঙ্গে শাপলা তুলতে যায় জান্নাতি ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের পানি থেকে উদ্ধার করেন।
পরে দ্রুত তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
দুই চাচাতো বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।