কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক আহত, বিজিবির পাল্টা গুলি

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পাল্টা গুলি করেছে। বর্তমানে সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ গুলির ঘটনা ঘটে।

আহত কৃষকের সাজুল হোসেন (৩০)। তিনি জামালপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তের শূন্যরেখার কাছে ঘাস লাগাতে গিয়েছিলেন সাজুল হোসেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত একাধিক ছররা গুলি লাগে। উদ্ধার করে তাকে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক আহত হওয়ার পরপরই জামালপুর বিওপির নিয়মিত টহল দল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আত্মরক্ষার অংশ হিসেবে বিজিবি পাল্টা ফায়ার করে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে এবং বিজিবি জোয়ানদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে প্রটোকল অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কূটনৈতিক ও সামরিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে প্রতিবাদ জানানোর প্রক্রিয়া শুরু করেছে।