কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ় প্রতিরোধের মুখে বিএসএফের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস-এর কাছাকাছি এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় ভারতের উদয় কিষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই দুই পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালান। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তৎক্ষণাৎ সতর্ক অবস্থান নেন এবং তীব্র প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির শক্ত অবস্থানের মুখে টিকতে না পেরে সকাল আটটার দিকে ওই চারজনকে নিয়ে ভারতীয় সীমানার দিকে ফিরে যান বিএসএফ সদস্যরা।
সীমান্তে এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি, টহল এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। তবে পুশইনের চেষ্টা চালানো ওই চার ব্যক্তির পরিচয় ও বিস্তারিত জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।