বাগেরহাটে নিজেদের নির্মাণাধীন বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার কলেজ রোডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত স্কুলছাত্রীর নাম হাবিবা আক্তার (১৩)। সে উপজেলার গাবতলা গ্রামের ব্যবসায়ী মোশারেফ হোসেনের মেয়ে। সে মোরেলগঞ্জ সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয়রা জানান, শনিবার সকালে স্থানীয় লোকজন নির্মাণাধীন ওই বাড়ির দ্বিতীয় তলায় লিন্টলের সঙ্গে স্কুলছাত্রী হাবিবার মরদেহ ঝুলতে দেখেন। পরে তারা বাড়ির লোকজনকে খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।