খুলনার রূপসায় একটি দোকানে বসে থাকা অবস্থায় মো. জাকির হোসেন (৪৩) নামে বিএনপির এক নেতা ও স্থানীয় ইট-বালু ব্যবসায়ীকে মাথায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত মো. জাকির হোসেন রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি (সদর) ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল জলিল শেখের ছেলে।
তিনি ওই ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির একজন সক্রিয় সদস্য এবং পূর্ব রূপসা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের বড় ভাই। পেশায় তিনি একজন ইট-বালু ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বল্পবাহিরদিয়া গ্রামের হীরক নামে এক ব্যক্তির দোকানে বসে ছিলেন জাকির হোসেন।
এ সময় বাগেরহাট জেলার ফকিরহাটের দিক থেকে একটি মোটরসাইকেলে চড়ে হেলমেট পরিহিত দুই অজ্ঞাতনামা যুবক ঘটনাস্থলে আসে।
তারা দোকানের পাশে মোটরসাইকেলটি থামিয়ে একজন ভেতরে প্রবেশ করে এবং কিছু বুঝে ওঠার আগেই জাকির হোসেনের মাথা লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে।
গুলিবিদ্ধ হয়ে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। কিলিং মিশন শেষ করে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলযোগে পুনরায় ফকিরহাটের দিকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীরা অত্যন্ত পরিকল্পিতভাবে তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্রসহ রূপসা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও আইনগত কার্যক্রম শুরু করেছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হেলমেট পরিহিত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তারে জোরালো পুলিশি অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।