১৫ বছর পর বাগেরহাট জেলা ক্রীড়ার নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট শুরু

দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে স্টেডিয়াম ভবনে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল চারটা পর্যন্ত।

দীর্ঘ দেড় দশক পর ব্যালটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভোটাররা। সৎ, যোগ্য ও প্রকৃত ক্রীড়ামোদী প্রার্থীদের বিজয়ী করতে চান বলে জানিয়েছেন তারা। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও জয়ের ব্যাপারে আশাবাদের কথা জানিয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির ২০২৬ সালের এই নির্বাচনে মোট ১০১ জন ভোটার ভোট দেবেন। এবারের নির্বাচনে বিভিন্ন পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্য থেকে ২১ জন নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসকেন্দার হোসেন এবং সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল। এছাড়া অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুইজন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন, কোষাধ্যক্ষ পদে দুইজন, নির্বাহী সদস্য পদে ১৮ জন এবং সংরক্ষিত নারী নির্বাহী সদস্য পদে তিনজন প্রার্থী লড়ছেন।

এর আগে একক প্রার্থী থাকায় সহসভাপতি পদে চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গঠনতন্ত্র অনুযায়ী, বাগেরহাটের জেলা প্রশাসক পদাধিকারবলে এই কমিটির সভাপতি। এছাড়া জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক পদাধিকারবলে সহসভাপতি এবং জেলা ক্রীড়া কর্মকর্তা নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।