ভয়ঙ্কর সিডরের ১৯ বছর: শরণখোলায় টেকসই বেড়িবাঁধ কবে?

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

আজ ভয়াল ১৫ নভেম্বর, সিডর দিবস। ২০০৭ সালের ঠিক আজকের দিনটিতেই ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে আঘাত হানা সুপার সাইক্লোন সিডর তছনছ করে দিয়েছিল সুন্দরবন উপকূলীয় জনপদ। প্রায় ২০ ফুট উচ্চতার ভয়াবহ জলোচ্ছ্বাসে নিমিষেই ভেঙে যায় বাগেরহাটের শরণখোলার ৩৫/১ পোল্ডারের প্রায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ। বলেশ্বর নদতীরবর্তী ১২টি গ্রামে প্রাণ হারান সাত শতাধিক মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয় হাজার হাজার ঘরবাড়ি, ফসলের মাঠ, পুকুর ও মাছের ঘের।

সেই ভয়াল স্মৃতির ১৯ বছর কেটে গেলেও উপকূলবাসীর মন থেকে এখনও কাটেনি শঙ্কা। ত্রাণের বদলে একটি টেকসই বেড়িবাঁধের আশায় বুক বেঁধে থাকা মানুষগুলো আজ সুরক্ষার দাবিতে আজও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

স্বজন হারানোর সেই ভয়াল রাত

সিডরের সেই তাণ্ডবভরা রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় শরণখোলার উপকূলীয় মানুষকে। স্বজন হারানোর বেদনা, বসতভিটা হারানোর কষ্ট আর সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ার সেই আর্তনাদ আজও ভুলতে পারেননি স্থানীয়রা। প্রাকৃতিক বিপর্যয়ের পর দেশি-বিদেশি বিভিন্ন সাহায্যকারী সংস্থা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিলো। খাবার, কাপড়চোপড়, নগদ অর্থ ও ঘরবাড়ি নির্মাণের সহায়তা নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন এই জনপদের মানুষ।

কিন্তু তাদের সবচেয়ে বড়ো দাবি ছিলো একটাই—নিরাপদে বেঁচে থাকার নিশ্চয়তা দিতে পারে এমন একটি টেকসই বেড়িবাঁধ।

টেকসই বাঁধ নির্মাণের উদ্যোগ ও দীর্ঘসূত্রিতা

উপকূলবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ২০১৬ সালে ৩৫/১ পোল্ডারের প্রায় ৬২ কিলোমিটার টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। কোস্টাল এমব্যাংক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে এই কাজের দায়িত্ব পায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএইচডব্লিউই। ২০১৯ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে তা শেষ হয় ২০২৩ সালে।

তবে অভিযোগ রয়েছে, নির্মাণকাজ শেষ হওয়ার এক বছরের মধ্যেই বাঁধের বিভিন্ন স্থানে ফাটল ও ধস দেখা দেয়। স্থানীয়দের মতে, নিম্নমানের নির্মাণকাজ, অনিয়ম ও সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলার কারণেই আজ এই দশা হয়েছে বাঁধটির।

নদীশাসনের অভাব ও নতুন শঙ্কা

স্থানীয়দের আশঙ্কা, কার্যকর নদীশাসনের ব্যবস্থা না নিয়ে শুধু বেড়িবাঁধ নির্মাণ করায় নদীর তীব্র স্রোতে বাঁধের গোড়ার মাটি সরে যাচ্ছে। এতে দিন দিন দুর্বল হয়ে পড়ছে বাঁধের ভিত্তি এবং একপর্যায়ে ধসে পড়ছে ওপরের অংশ।

ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বগী, গাবতলা, বাবলাতলা, রাজেশ্বর, খোন্তাকাটা, ফাসিয়াতলা ও সন্যাসী এলাকার নদীতীরে বালুর বস্তা ও সিসি ব্লক ফেলে প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে শরণখোলার গাবতলা এলাকায় প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ৫০০ মিটার নদীশাসনের কাজ চলমান রয়েছে। অন্যদিকে মোরেলগঞ্জের ফাসিয়াতলা এলাকায় কিছু কাজ শেষ হলেও পার্শ্ববর্তী এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

তবে এলাকাবাসীর অভিযোগ, নদীশাসনের নামে ডাম্পিংয়ের কাজেও ঠিকাদারদের ব্যাপক অনিয়ম রয়েছে। যথাযথ নিয়ম মেনে পর্যাপ্ত সিসি ব্লক ও প্রয়োজনীয় উপকরণ ব্যবহার না করায় ব্লক ও বালুর বস্তা নদীর স্রোতে সরে যাচ্ছে। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও ভাঙন প্রতিরোধে স্থায়ী কোনো সুফল মিলছে না। ভাঙনপ্রবণ এলাকাগুলো সঠিকভাবে চিহ্নিত করে পরিকল্পিত ও মানসম্মত ডাম্পিংয়ের মাধ্যমে কার্যকর নদীশাসনের দাবি জানিয়েছেন তারা।

কর্তৃপক্ষের বক্তব্য

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী শুভ হালদার জানান, জিও ব্যাগ ও ব্লক ডাম্পিং করে শরণখোলার সাউথখালীর গাবতলা এবং মোড়লগঞ্জের ফাসিয়াতলা এলাকায় ৩৫/১ পোল্ডারের আওতায় মোট ৮৭৫ মিটার জায়গায় নদীশাসনের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে সিআইপি প্রকল্পের আওতায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করার সময় নদী থেকে যথেষ্ট দূরত্ব ছিলো। কিন্তু ক্রমান্বয়ে নদীভাঙন বাঁধের একদম কাছাকাছি চলে এসেছে। ফিজিবিলিটি স্টাডির আওতায় এখানে নদী তীর সংরক্ষণ ও প্রয়োজনীয় ভলিউম নিয়ে কাজ করতে স্টাডি রিপোর্ট দাখিল সাপেক্ষে ডিপিপি প্রণয়ন করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

শেষ কথা

সিডরের ১৯ বছর পরও তাই শরণখোলাবাসীর মনে ঘুরপাক খাচ্ছে একরাশ প্রশ্ন—এতো প্রাণহানি, ক্ষয়ক্ষতি আর শত শত কোটি টাকা ব্যয়ের পরও কি মিলবে একটি সত্যিকারের টেকসই বেড়িবাঁধ? নদীশাসনের নামে ডাম্পিংয়ে অনিয়ম বন্ধ করে ভাঙনপ্রবণ এলাকাগুলো রক্ষায় কার্যকর ব্যবস্থা কি দ্রুত নেওয়া হবে? নাকি পরবর্তী কোনো প্রাকৃতিক দুর্যোগে আবারও চরম বিপর্যয়ের মুখে পড়তে হবে উপকূলের এই জনপদকে? উত্তর খুঁজছেন শরণখোলার হাজারো মানুষ।

একাত্তর/এসি
দীর্ঘ ১৫ বছর পর ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের অপেক্ষায় আছেন বাগেরহাটের ক্রীড়ামোদী ভোটাররা। শনিবার (১৪ নভেম্বর) জেলা স্টেডিয়াম ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাগেরহাট জেলা ক্রীড়া...
সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকা থেকে নিখোঁজের ৩৫ ঘণ্টা পর মো. রিয়াজ আহমেদ (২৮) নামের এক পর্যটকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটে নিজেদের নির্মাণাধীন বাড়ি থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বেলা ১০টার দিকে জেলার মোরেলগঞ্জ উপজেলার কলেজ রোডের একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা...
পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকায় সাগরে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে সাগরের পানিতে নেমে সাঁতার কাটার সময় প্রবল স্রোতে তিনি...
গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক হামলা এবং নিজ দেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে রাজনৈতিক চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতার পালাবদলের...
দেশের প্রতিটি বিভাগে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ক্যান্সার রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো প্রত্যাবর্তনের মাধ্যমে নয়, বরং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আইনি প্রক্রিয়ায় দেশে ফিরতে হবে। দেশে...
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় মানবপাচার চক্রের এক সদস্যসহ সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর