দেশে বোমাবাজি করাচ্ছেন ভারতে থাকা আওয়ামী লীগ নেতারা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতারা ভারতে আরাম-আয়েশে থেকে লোকজন দিয়ে দেশে বোমাবাজি করাচ্ছেন। একই সঙ্গে ফরিদপুরের ভাঙ্গায় হামলায় নিহত রাজু মোল্লা হত্যাকারীদের বিচার এই মাটিতেই হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ‘সারা দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী হামলাসহ অগ্নিসংযোগের’ প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত শাসনামলের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আমাদের অনেক নেতা-কর্মীকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়েছে, স্বামীকে স্ত্রীর কাছ থেকে নিয়ে গিয়ে চিরদিনের জন্য গুম করে দেওয়া হয়েছে। বর্বরোচিত দুঃশাসনের মধ্যেও ১৭ বছর এ দেশের মানুষের রাতে ঘুম ছিলো না, শান্তি ছিলো না, স্বাভাবিক চলাচলের কোনো নিশ্চয়তা ছিলো না। এরপর ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্টের পতন হয়।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও বস্ত্র প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

সমাবেশ শেষে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ভাঙ্গায় হামলায় নিহত রাজু মোল্লার জানাজায় অংশ নেন।