ঘূর্ণিঝড়ের প্রভাবে দুবলারচরে বিপাকে ১০ হাজারের বেশি জেলে, মাছ ধরা বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন দুবলারচরসহ উপকূলের ১০ হাজারের বেশি শুঁটকিকরণ জেলে। মাছ ধরা বন্ধ রেখে গত দুই দিন ধরে তারা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। পাশাপাশি বৃষ্টিপাতে শুকাতে দেওয়া কাঁচা মাছ ভিজে নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুবলার আলোরকোল থেকে মোবাইল ফোনে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, গত দুই দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সাগরে মাছ ধরতে না পেরে শুঁটকিকরণ জেলেরা নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে আশ্রয় নিয়েছেন।

কামাল উদ্দিন আহমেদ বলেন, দুই দিন আগে সাগর থেকে ধরে এনে শুকাতে দেওয়া মাছ বৃষ্টিতে ভিজে গেছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে এসব মাছ নষ্ট হয়ে যাবে। এবারের শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুইবার বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন বলে জানান তিনি।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে মাছ ধরতে না পেরে জেলেরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দুই দিনের বৃষ্টিতে জেলেদের অনেক কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান মোবাইল ফোনে জানান, ঘূর্ণিঝড় আকভানের কারণে সাগর উত্তাল থাকায় দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা গত দুই দিন সাগরে যেতে পারেননি। বর্তমানে দুবলারচর অঞ্চলে ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন বলে জানান তিনি।