শীত মৌসুমকে সামনে রেখে শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আমাদের দেশে আসতে শুরু করেছে। আর এই সুযোগে বরাবরের মতোই সক্রিয় হয়ে উঠছে অসাধু পাখি শিকারিচক্র। দেশি-বিদেশি পাখিসহ বন্যপ্রাণী শিকার রোধে বাগেরহাটে যৌথভাবে জনসচেতনতামূলক প্রচারণা ও অভিযান শুরু করেছে সুন্দরবন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
মঙ্গলবার বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ত এলাকায় এই সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। একই সঙ্গে শিকারিদের ধরতে মাঠে অভিযানও অব্যাহত রেখেছে বন বিভাগ।
প্রচারণাকালে ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক প্রচারপত্র তুলে দেওয়া হয়। এ সময় বন বিভাগের কর্মকর্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি ও বন্যপ্রাণীর অপরিসীম গুরুত্ব তুলে ধরেন এবং আইনের কঠোর বিধান সম্পর্কে সবাইকে সতর্ক করেন।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী, কচ্ছপ ও পাখি শিকার, ধরা, আটক, পরিবহন, হত্যা, ক্রয়-বিক্রয় ও পাচারের অপরাধে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড অথবা ৫ লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে প্রচারণায় জানানো হয়। পাশাপাশি কোথাও পাখি শিকারিচক্রের তৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে বন বিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান কর্মকর্তারা।
সুন্দরবন পূর্ব বিভাগের ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ এবং খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জার মুহাম্মদ ইসমাঈল হোসেনের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হয়।
ফরেস্ট রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ জানান, প্রতিবছরের মতো এবারও শীতের আগমনে বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকার খাল, বিল, পুকুর ও জলাশয়ে অতিথি পাখিরা আশ্রয় নিতে শুরু করেছে। এই সুবাদে শিকারিচক্র তৎপর হয়ে ওঠায় তাদের প্রতিহত করতে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি আরও জানান, বাগেরহাটের যেসব অঞ্চল ও জলাশয়ে অতিথি পাখিসহ দেশীয় প্রজাতির পাখিরা বিচরণ করে, সেগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হচ্ছে, যাতে পাখিদের আশ্রয়স্থলগুলোকে সম্পূর্ণ নিরাপদ রাখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শীত মৌসুমে বাগেরহাটের ফকিরহাট, চিতলমারী ও মোল্লাহাটসহ বিভিন্ন উপজেলার খাল-বিল ও জলাশয়ে বিপুলসংখ্যক অতিথি পাখির সমাগম ঘটে। এ সময় স্থানীয় কতিপয় অসাধু শিকারি জাল, নানা ধরনের ফাঁদ এবং আধুনিক সাউন্ড ডিভাইস ব্যবহার করে নির্বিচারে পাখি শিকার করে উচ্চমূল্যে বিক্রি করে থাকে।
বিগত সময়ে জেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের নানা অভিযানের পরও শিকারিদের দৌরাত্ম্য পুরোপুরি থামানো যায়নি। তবে এবার মৌসুমের শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ।
