বঙ্গোপসাগরের মোহনায় সুন্দরবনের দুবলার চরে রোববার (২২ নভেম্বর) থেকে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু হচ্ছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। ভগবান শ্রীকৃষ্ণের রাস উৎসব উপলক্ষে প্রায় দুইশত বছর ধরে সাগর মোহনায় এই আয়োজন হয়ে আসছে। প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমার তিথিতে সাগরপাড়ে রাস উৎসবে পূজা-অর্চনা এবং পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
রাস উৎসবকে ঘিরে সুন্দরবনে বিশেষ সতর্কতা ব্যবস্থা নিয়েছে বন বিভাগ। বন্যপ্রাণী বিশেষ করে হরিণ শিকার ঠেকাতে এরই মধ্যে বিশেষ টহল শুরু হয়েছে। পাশাপাশি ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত তিন দিন সুন্দরবনের নদী-খালে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু জানান, দুইশত বছরের বেশি সময় ধরে দুবলার চরে রাস উৎসব হয়ে আসছে। সেখানে শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, আরতি, আরাধনা, পুষ্পাঞ্জলি, গাজীকালুর পূজাসহ নানা ধর্মীয় আচার পালন করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাগরের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে তিন দিনের এই উৎসব শেষ হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সাল থেকে সেখানে আর মেলা বসে না; ২০২১ সাল থেকে কেবল ধর্মীয় আচার ও পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। লোকমুখে সুন্দরবনে এ উৎসবের প্রবর্তক হিসেবে মতুয়া গুরু, সন্ন্যাসী হরিজন ও রাজা প্রতাপাদিত্যের নাম শোনা যায়।
যাতায়াতের রুট ও শর্তাবলি
সুন্দরবন বিভাগ জানিয়েছে, রাস উৎসবে কেবল সনাতন বা হিন্দুধর্মাবলম্বীরাই যেতে পারবেন; অন্য ধর্মের কারও যাওয়ার অনুমতি নেই। পুণ্যার্থীদের যাতায়াতের জন্য বন বিভাগ পাঁচটি রুট নির্ধারণ করেছে। যে রুট দিয়ে প্রবেশ করা হবে, ফিরতে হবে অবশ্যই সেই একই রুট দিয়ে।
নির্ধারিত পাঁচটি রুট
১। ঢাংমারী অথবা চাঁদপাই স্টেশন বরাবর পশুর নদী দিয়ে তিনকোনা আইল্যান্ডের বাইরে দিয়ে দুবলার চর।
২। বগী-বলেশ্বর, সুপতি স্টেশন ও বলেশ্বর নদী পথে, কচিখালী ও শেলারচর হয়ে সুন্দরবনের বাইরে দিয়ে দুবলার চর।
৩। বুড়িগোয়ালিনী ও কোবাদক থেকে বাটুলা নদী, বল নদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলার চর।
৪। কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বজবজা ও আড়ুয়া শিবসা নদী-মরজাত হয়ে দুবলার চর।
৫। নলিয়ান স্টেশন ও মরজাত নদী হয়ে দুবলার চর।
রোববার সকাল থেকে নির্ধারিত পয়েন্ট থেকে নৌযানে স্কট দিয়ে পুণ্যার্থীদের দুবলার চরে নেওয়া হবে। প্রবেশের সময় প্রতিটি এন্ট্রি পয়েন্টে লঞ্চ, ট্রলার ও নৌকার প্রবেশমূল্য, অবস্থান ফি, ক্যামেরা এবং লোকসংখ্যার ভিত্তিতে রাজস্ব পরিশোধ করে পারমিট ও প্রবেশ কুপন নিতে হবে। পুণ্যার্থীদের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এছাড়া পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করতে হবে; আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক কিংবা বন্যপ্রাণী শিকারে ব্যবহৃত জাল, ফাঁদ ও দড়ি বহন করা যাবে না।
জেলেদের ফেরা ও নিরাপত্তা ব্যবস্থা
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবন অভ্যন্তরের নদ-নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের এক সপ্তাহ আগেই পাশ দেওয়া বন্ধ রাখা হয়েছে। মাছ ধরতে যাওয়া সব জেলেকে নৌকা ও ট্রলারসহ শনিবারের (২১ নভেম্বর) মধ্যে সুন্দরবন থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসব চলাকালে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনে সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।
ডিএফও আরও জানান, রাস উৎসব ঘিরে বন বিভাগের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা টহলে থাকবেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত ও উৎসব পালনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের দুই স্তরের নিরাপত্তা থাকবে।
প্রস্তুতি ও বৈরী আবহাওয়ার শঙ্কা
রাস উৎসব উদযাপন কমিটি ও দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে দুবলার চরে উৎসবস্থলে চলাচলের পথ কাদামাক্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে পুণ্যার্থীদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে এবং উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।