বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে কয়েক দিন ধরে পানিতে ডুবে থাকা কাচা-পাকা আমন ধানে পচন ধরেছে। এর মধ্যেই বৃষ্টির পর চড়া রোদ ওঠায় শুকিয়ে মারা যাচ্ছে শীতকালীন সবজির চারা—ফলে উভয় সঙ্কটে পড়েছেন জেলার চাষী।
কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, জেলায় প্রায় ৪৩৭ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে ৫০ হেক্টর জমির ফসল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টি হয়। এতে জেলার ৯টি উপজেলার বিভিন্ন ফসলি জমি ও নিচু এলাকায় পানি জমে যায় এবং অনেক জায়গায় রোপা আমন ধান জমিতে হেলে পড়ে।
সরেজমিন, বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর, খলসি, কোমরপুর ও বাদোখালীসহ বিভিন্ন গ্রামের মাঠে দেখা গেছে, এখনো অনেক জমিতে কাঁচা-পাকা আমন ধান পানিতে ডুবে আছে। কৃষক পানিতে নেমে ধানগাছ তোলার চেষ্টা করছেন। জমে থাকা পানিতে পাকা ধান ডুবে থাকায় ধানে পচন ধরার পাশাপাশি অধিক পরিমাণ চিটা হওয়ার আশঙ্কা করছেন তারা। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় রোপা আমন ধানের ক্ষতি তুলনামূলক বেশি হয়েছে।
অপরদিকে, বৃষ্টির জলে সবজির চারায় পচন ধরার পর এখন রোদ ওঠায় পাতাকপি, লালশাক, পালংশাক, খেসারি ডাল ও সরিষাসহ শীতকালীন বিভিন্ন ফসলের চারা শুকিয়ে মরে যাচ্ছে। কোনো কোনো এলাকার কৃষক নষ্ট হয়ে যাওয়া চারা তুলে ফেলে নতুন করে চারা রোপণের চেষ্টা করছেন। সদর উপজেলা ও মোড়েলগঞ্জ-শরণখোলার একাধিক কৃষক জানান, পানিতে সবজি নষ্ট হওয়ার পাশাপাশি তলিয়ে থাকা পাকা ধান কীভাবে ঘরে তুলবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
কৃষি বিভাগ জানায়, তিন দিনের অতিবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩৬ দশমিক ৫০ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৫০ হেক্টর জমির রোপা আমন ধান, বোরো ধানের বীজতলা ও রবি সবজিসহ বিভিন্ন ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এতে জেলায় মোট তিন হাজার ৮৯৬ জন কৃষকের ১০৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বাগেরহাট সদর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত দেবনাথ ও মো. হাবিবুল্লাহ জানান, ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিতে মাঠপর্যায়ে কাজ করছেন তারা।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত ফসল ও কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করা হবে।