শেরপুরে নকলায় শিয়ালের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আতঙ্কে আছেন আশপাশের গ্রামের মানুষ। এলাকার মসজিদে মসজিদে সচেতনতামূলক মাইকিং করে এলাকার মানুষ। আর ঘরের বাহিরে দলবেঁধে চলছে সবাই।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পাঠাকাটা গ্রামে একটি গ্রাম্য সালিশ বসে। এসময় হঠাৎ একটি শিয়াল এসে প্রথমে দুইজন মহিলাকে কামড় দেয়। পরে বৈঠকের ভেতরে ঢুকে এলোপাথাড়ি অন্যদের কামড় দিতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজন লাঠিসোঁটা নিয়ে এসে শিয়ালটির ওপর আক্রমণ করলে শিয়ালটি পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত অবস্থায় আটজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়। আর বাকিরা গ্রাম্য কবিরাজের চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই বর্তমানে সুস্থ আছেন।