কিশোরগঞ্জের গচিহাটায় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ লাইনচ্যুত দুইটি বগি ১৫ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এতে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
রোববার সকাল সাতটার দিকে ট্রেনটির ইঞ্জিনসহ বগি দুইটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার বেলা সোয়া চারটার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনে পৌঁছার আগে পয়েন্টে সমস্যার কারণে ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে পৌঁছার আগ মূহুর্তে পয়েন্টে সমস্যার কারণে ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি জানান, পরে আখাউড়া ও ময়মনসিংহ থেকে দুইটি রিলিফ ট্রেন এসে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার অভিযান শুরু করে সকাল সাতটার দিকে ইঞ্জিনসহ বগি দুইটি উদ্ধারে সক্ষম হয়। এরপর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে তিনি জানান।