জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তার নামে মনোনয়নপত্র তোলা হলেও সাংবাদিকদের তিনি বলেছেন, এ ব্যাপারে কিছু জানেন না।
রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান মিশু।
তিনি বলেন, এমপি মুরাদের অনুমতিতে তার পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়েছে। এটি দলীয় মনোনয়ন ঘোষণার আগে আওয়ামী লীগের পক্ষেই কেনা হয়েছিল। এখন যেহেতু তিনি মনোনয়ন পাননি, প্রার্থী হবেন নাকি হবেন না—তা পরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন জানান, রোববার প্রথমবারের মতো একটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুরাদ হাসানের নামে বিক্রি করা হয়।
তবে এব্যাপারে এমপি মুরাদ হাসান স্থানীয় সাংবাদিকদের বলেন, বিষয়টি আমি জানি না।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগ থেকে ডা. মুরাদ হাসান নবম জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পালন করেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে জোটগত কারণে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকেটে তিনি দ্বিতীয়বার এমপি নির্বাচিত হন।
মুরাদ হাসানের বাবা মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালকে।